অভিনয় ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এবার অভিনয় নয়, বরং তার একটি ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’
তবে কী বিষয়ে এত দিন নীরব ছিলেন কিংবা হঠাৎ কেন সবকিছু প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন, সে বিষয়ে পোস্টে স্পষ্ট কিছু জানাননি অভিনেত্রী।
চমকের এমন রহস্যময় বার্তার পর থেকেই ভক্ত ও অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ ধারণা করছেন, ব্যক্তিগত জীবন কিংবা সংসারসংক্রান্ত কোনো বিষয় নিয়ে মুখ খুলতে পারেন অভিনেত্রী। আবার কেউ মন্তব্যের ঘরে তাকে সবকিছু স্পষ্টভাবে প্রকাশ করার পরামর্শ দিচ্ছেন।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন এ অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও নজর কেড়েছেন চমক। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ শিরোনামের নাচনির্ভর গানে লাল শাড়ি, রেশমি চুড়ি ও ভারী গয়নায় ভিন্ন সাজে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।
এখন দেখার বিষয়, দীর্ঘদিনের নীরবতা ভেঙে ঠিক কোন বিষয়টি সামনে আনতে যাচ্ছেন এই অভিনেত্রী।



