বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় শুধু দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৮ অক্টোবর) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “ভোটের তিন মাস আগে নয়, এখন থেকেই নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত দেশের জনগণ নেবে—বিদেশিদের কাছে নালিশ নয়।”
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতির বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। দেশের মানুষ যেমন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়, তেমনি বিদেশি কূটনীতিকরাও একটি গণতান্ত্রিক সরকার দেখতে আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে তারা পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছেন আমীর খসরু। ইউরোপীয় ইউনিয়ন চায়, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকুক।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখতে চায়। পাশাপাশি তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করা, সংসদকে কার্যকর করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষায় সহায়তা করতে প্রস্তুত।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির চেয়ারপারসন শামা ওবায়েদ।



