tanaka
প্রচ্ছদজাতীয়সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক: কী বললেন পররাষ্ট্র উপদেষ্টা?

সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক: কী বললেন পররাষ্ট্র উপদেষ্টা?

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসভবনে কয়েকজন রাষ্ট্রদূতের কথিত বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন। তারা একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি কোনো অপরাধে যুক্ত থাকতেন, তাহলে নিশ্চয়ই তাকে কাস্টডিতে নেওয়া হতো। যেহেতু তা হয়নি, তাই এটি নিয়ে অতিরিক্ত কিছু বলার নেই।”

তিনি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদের দিক থেকে আলাদাভাবে কিছু বলারও প্রয়োজন নেই।

প্রসঙ্গত, গত সোমবার (৬ অক্টোবর) আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা যায় নর্ডিক অঞ্চলের তিন দেশের রাষ্ট্রদূতরা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার ওইদিন সন্ধ্যায় সাবের হোসেনের বাসভবনে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।

উল্লেখ্য, স্ক্যান্ডিনেভিয়ান এই তিনটি দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে।