ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সম্প্রতি রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলির ঘটনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতির জবাব দিয়েছে ভারত। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় না নয়াদিল্লি।
এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্থাপিত সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বরাবরই ভারতের অবস্থান স্পষ্ট ও সুদৃঢ়।
ভারত আরও জানায়, বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজে তারা কখনোই নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি। একই সঙ্গে নয়াদিল্লি আশা প্রকাশ করেছে, অন্তর্বর্তী সরকার দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়।



