tanaka
প্রচ্ছদজাতীয়নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সহিংসতা ও নিরাপত্তা হুমকি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা ব্যর্থ হবে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে অনুষ্ঠিত বৈঠকে আইজিপি, পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র ও আইন সচিব, এনটিএমসি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্প্রতি ঢাকার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান ইসি সানাউল্লাহ। তিনি বলেন, হামলাকারী ব্যক্তি আগে হাদীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং সুযোগ বুঝে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দুটি জেলার নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে—বিষয়টি কমিশন গুরুত্বসহকারে দেখছে।

নাশকতা প্রতিরোধে পরিচালিত অভিযানের প্রসঙ্গে কমিশনার বলেন, ‘ডেভিল হান্ট–০১’ অভিযানে গ্রেপ্তাররা জামিনে মুক্তি পেয়েছেন, যা উদ্বেগজনক। এতে নাশকতায় জড়িতরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ জানান, গতকাল থেকে ‘রেবেল হান্ট–০২’ নামে দ্বিতীয় ধাপের অভিযান শুরু হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানও জোরদার করা হয়েছে। যারা নির্বাচনকে অস্থিতিশীল করতে চায়, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিপক্ব তথ্য ছড়ানোর বিষয়টিও আলোচনায় আসে। কমিশনার বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের দোষারোপ ও অপরিণত তথ্য মাঠপর্যায়ের নাশকতাকারীদের উৎসাহিত করে। সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হচ্ছে।

ব্রিফিংয়ের শেষ বক্তব্যে তিনি বলেন, আজকের মূল বার্তা—কোনো নাশকতাকারী যেন উৎসাহিত বোধ না করে।