বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা—এই গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে ঢাকার সঙ্গে সহযোগিতা জোরদারের কথা জানিয়েছে দেশটি।
ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিডিও)-এর এক মুখপাত্র বলেন, “আমরা আশা করি নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে আরও এগিয়ে নেবে এবং সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।”
তিনি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে।
ব্রিটিশ সরকারের ওই কর্মকর্তা বলেন, “এটি বাংলাদেশের লক্ষ্য অর্জন ও জনগণের প্রত্যাশা পূরণের পথে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।”
এর আগে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ায় তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানায় যুক্তরাজ্য। একই সঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায়ে যাত্রা শুরু করায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানানো হয়।
গত শুক্রবার ঢাকাস্থ ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, “অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তার মতো অভিন্ন লক্ষ্য অর্জনে আমরা ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে আগ্রহী।”



