ভোটে কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ এনে তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেট থেকে মিছিলটি শুরু হবে বলে জানিয়েছেন নেতারা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগ তুলে জোটের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে স্মারকলিপি দেয়।
দুপুর ১২টার দিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে—এ বিষয়টি কমিশনকে অবহিত করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। কিছু কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি ব্যালটে সিল মারার অভিযোগও তোলা হয়। কোথাও কোথাও ভোটারদের বাধা দেওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব কারণে ভোটার উপস্থিতি কম ছিল বলেও মন্তব্য করেন।
এ ছাড়া কয়েকটি কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোট পড়া, অতিরিক্ত ব্যালট ব্যবহারের অভিযোগ এবং ভোট গণনার সময় এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। কিছু ক্ষেত্রে ফলাফলের শিটে কাটাছেঁড়া ও পরিবর্তনের অভিযোগও করা হয়। ঢাকা-৬ আসনে এজেন্ট পরিবর্তনের ঘটনাও প্রশ্নবিদ্ধ বলে দাবি জোটের নেতাদের।



