সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি সুবিধাভোগীদের জন্য নতুন কর্মসংস্থান নীতিমালা চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রিমিয়াম রেসিডেন্সি (বিশেষ আবাসন সুবিধা)ধারীদের নির্দিষ্ট কর্মক্ষেত্রে কাজ করতে হলে বাধ্যতামূলকভাবে ওয়ার্ক পারমিট নিতে হবে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল শ্রম প্ল্যাটফর্ম ‘কিওয়া’ (Qiwa) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। স্থানীয় দৈনিক ওকাজের বরাতে জানা গেছে, এই বিশেষ ওয়ার্ক পারমিট পেতে প্রতিজন আবেদনকারীকে ১০০ সৌদি রিয়াল ফি পরিশোধ করতে হবে।
সম্প্রতি কিওয়া প্ল্যাটফর্ম ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, কর্মীদের পদত্যাগ এবং ভিসা-সংক্রান্ত সেবাগুলো আরও সহজ ও সুশৃঙ্খল করতে একগুচ্ছ নতুন নীতিমালা প্রকাশ করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কিওয়া প্ল্যাটফর্মে ব্যবসা প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন বা নিবন্ধন ফি প্রতিষ্ঠানভেদে ভিন্ন হবে। প্রতিষ্ঠানের আকার এবং ইউনিফাইড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যার ভিত্তিতে এই ফি নির্ধারণ করা হবে। ফি পরিশোধের জন্য ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট নম্বর ও কিওয়া ডিজিটাল ওয়ালেটসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যাবে।
এদিকে, সৌদির জনপ্রিয় প্রশিক্ষণ কর্মসূচি ‘তামহীর’-এর আওতাভুক্ত চুক্তিগুলো এখন থেকে কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে নথিভুক্ত করা যাবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ কর্মসূচির আওতায় স্থানীয় কর্মী নিয়োগের হিসাবের মধ্যে গণ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এটি বিদ্যমান কর্মসংস্থান চুক্তি সংক্রান্ত কমপ্লায়েন্স বাধ্যবাধকতার ওপরও কোনো প্রভাব ফেলবে না।
কর্মীদের পদত্যাগ প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে এ সুযোগ তখনই কার্যকর হবে, যদি ওই সময়ের মধ্যে নিয়োগকর্তা পদত্যাগপত্র গ্রহণ না করেন বা সিদ্ধান্ত স্থগিত না রাখেন।
কিওয়া আরও জানিয়েছে, চাকরি ছাড়ার আগে কতদিনের নোটিশ দিতে হবে, তা সংশ্লিষ্ট কর্মসংস্থান চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভিত্তিতে তা ভিন্ন হতে পারে।
ভিসা সংক্রান্ত বিষয়ে কিওয়া স্পষ্ট করেছে, একবার কোনো ভিসা ইস্যু হয়ে গেলে তার তথ্য আর সংশোধন করা যাবে না। ভিসায় কোনো ভুল তথ্য থাকলে সেটি বাতিল করে সঠিক তথ্য দিয়ে নতুন করে আবেদন করতে হবে।
সূত্র: গালফ নিউজ।



