tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত ও রাশিয়া

বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত ও রাশিয়া

বঙ্গোপসাগরে যৌথ নৌ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারিতে ভারতীয় জলসীমায় এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস। মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘মার্শাল শাপোশনিকভ’ অংশ নেবে।

রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওমানের মাস্কাট বন্দর ত্যাগের পর নির্ধারিত মিশন সম্পন্ন করে যুদ্ধজাহাজটি উত্তর ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে আয়োজিত রুশ-ভারত যৌথ নৌ মহড়া ‘মিলান ২০২৬’-এ যোগ দেবে।

মহড়ার অংশ হিসেবে আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ নৌবন্দর বিশাখাপত্তনমে সৌজন্য সফর করবে বলেও জানানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন ঘোষণা দেন, ফেব্রুয়ারিতে ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এবং বহুজাতিক নৌ মহড়া ‘মিলান’ অনুষ্ঠিত হবে। এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশ অংশ নেবে।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডের তত্ত্বাবধানে দুই বছর অন্তর আয়োজিত বহুজাতিক নৌ মহড়া **‘মিলান’**ও অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতা জোরদার ও কৌশলগত সমন্বয় বৃদ্ধি করাই এই মহড়ার মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।