আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ২০২৬ সালের আসরে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় আয়োজনকারী প্রতিষ্ঠান মিস ফ্রান্স।
১৯৫২ সাল থেকে নিয়মিতভাবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে আসা ফ্রান্স এবারই প্রথম এই প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মিস ফ্রান্স কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, “মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার লক্ষ্য থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
মিস ফ্রান্সের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও নীতিগত দিকনির্দেশনা তাদের মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ২০২৫ সালের আসরে বিভিন্ন সাংগঠনিক অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি লক্ষ্য করা গেছে বলে অভিযোগ করেছে তারা।
তবে এ সিদ্ধান্তকে স্থায়ী হিসেবে দেখছে না ফরাসি কর্তৃপক্ষ। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবারও মিস ইউনিভার্সে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, “মিস ইউনিভার্স সবসময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ছিল। তবে আমাদের দায়িত্ব হলো মিস ফ্রান্স প্রতিযোগিতার স্বকীয়তা ও মূল্যবোধ অক্ষুণ্ন রাখা। সেই বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, মিস ইউনিভার্সের ভবিষ্যৎ কার্যক্রম ও নীতিগত পরিবর্তনের ওপর তারা নজর রাখবেন এবং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করবেন।
এ বিষয়ে এখন পর্যন্ত মিস ইউনিভার্স কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



