দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামী সোমবার, ১২ অক্টোবর। এ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে থানা ও পরিবারসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এ কাজ পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ তৈরি করা হয়েছে।
কর্মসূচির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে চিঠিতে। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় মসজিদে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণার ব্যবস্থা করতে বলা হয়েছে।
প্রচারবার্তায় বলা হয়েছে, সরকার প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক পরিস্থিতির তথ্য সংগ্রহ করবে। সংগৃহীত তথ্য যাচাইয়ের ভিত্তিতে কোন পরিবার বেশি সহায়তার প্রয়োজন অনুভব করছে, তা নির্ধারণ করা হবে। এ কারণে তথ্যদাতাদের পরিবারের প্রকৃত অবস্থা সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়টি জানাতে বলা হয়েছে। ফ্যামিলি কার্ডে নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে কেউ টাকা চাইলে তার কথায় বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য দেওয়ার জন্য কোনো অর্থ দিতে হবে না বলেও বার্তায় স্পষ্ট করা হয়েছে।
অন্যদিকে, মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণার মাধ্যমে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার কথা বলা হয়েছে। তথ্য সংগ্রহের সময় এসব ব্যক্তির কেউ যেন বাদ না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রচারবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ফ্যামিলি কার্ডের তথ্য দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানো যাবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।



