দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্কুলশিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে আইইএলটিএসের আদলে পৃথক পরীক্ষা চালুর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণিত অলিম্পিয়াডে তাঁদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।
তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াড সম্প্রসারণ
বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়। প্রধানমন্ত্রী এ উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
স্কুলপর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাবও দেওয়া হয়। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান।
এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুলপর্যায়ে অ্যাকটিভিটি ওরিয়েন্টেড ম্যাথমেটিকস চালুর প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী তাতেও সম্মতি দেন।
শিক্ষকদের জন্য আলাদা গণিত দক্ষতা পরীক্ষা
স্কুলশিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আইইএলটিএস পরীক্ষার আদলে পৃথক একটি গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও বৈঠকে উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
যাঁরা উপস্থিত ছিলেন
বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের চেয়ার অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমওর সদস্য মো. আবদুল হাকিম খান উপস্থিত ছিলেন।
পদকজয়ী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান (আইএমও ও ইজিএমও ব্রোঞ্জ), চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী (আইএমও রৌপ্য), ঢাকা ইমপিরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী (আইএমও ব্রোঞ্জ), ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান (আইএমও ব্রোঞ্জ), আনন্দ মোহন কলেজের তাহসিন খান (আইএমও ব্রোঞ্জ), রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এম. জামিউল হোসেন (আইএমও ব্রোঞ্জ) এবং একই প্রতিষ্ঠানের সাজি সেহনাই (ইজিএমও ব্রোঞ্জ)।



