পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হওয়ার সুখবর জানিয়েছেন তিনি। কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (TIFF) ২০২৬-এ অংশ নেওয়ার সময় বেবি বাম্পের ছবি প্রকাশ করে বিষয়টি জানান অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা রঙের গাউন পরা একটি ছবি প্রকাশ করেন মাহিরা। ছবিতে স্পষ্টভাবে তার বেবি বাম্প দেখা যায়। ছবিটির সঙ্গে তিনি লেখেন, “We make plans and then there is ALLAH’S plan।” অর্থাৎ, মানুষ নানা পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার পরিকল্পনাই কার্যকর হয়।
মাহিরার এই ঘোষণার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। টরন্টো চলচ্চিত্র উৎসরে এবারের আয়োজনও তার জন্য ছিল ব্যস্ততায় ভরা। উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন তিনি।
গর্ভধারণের সুখবর জানানোর সময় মাহিরার পরনে ছিল ফুলহাতা ও ঢিলেঢালা সাদা গাউন। এক হাতে বেবি বাম্প ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সাদামাটা চুল, মেকআপ ও সাজসজ্জায় তাকে বেশ স্বাভাবিক ও স্বচ্ছন্দ দেখাচ্ছিল।
এটি মাহিরার দ্বিতীয় সন্তান এবং ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে তার প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে আলি আসকারির সঙ্গে তার বিয়ে হয়েছিল। সেই সংসারে তাদের ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে।
মাহিরার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে ছেলে আজলানকেও পাশে দেখা গেছে। ২০২৩ সালে সেলিম করিমের সঙ্গে মায়ের বিয়ের সময় আজলানই তাকে বিয়ের মঞ্চে নিয়ে গিয়েছিল।
২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরা খানের। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। টেলিভিশনেও ‘শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো জনপ্রিয় নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী।
দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন মাহিরা খান।



