tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘এমন চরিত্র আগে কখনো করিনি’, নতুন সিনেমা নিয়ে সারা আলি খান

‘এমন চরিত্র আগে কখনো করিনি’, নতুন সিনেমা নিয়ে সারা আলি খান

কেদারনাথের প্রতি নিজের ভালোবাসা ও সেখানকার আধ্যাত্মিক অনুভূতির কথা জানালেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তাঁর কাছে কেদারনাথ এমন একটি জায়গা, যেখানে বারবার ফিরে যেতে ইচ্ছা করে। বুধবার (২৮ অক্টোবর) কলকাতায় এক ঝটিকা সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিকেল ৫টার দিকে কলকাতার কাঁকুড়গাছি মোড়ের আশপাশে সারা আলি খানকে একনজর দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। যান চলাচল স্বাভাবিক রাখতে সেখানে পুলিশও মোতায়েন করা হয়। ভক্তদের অনেকেই মুঠোফোন হাতে অভিনেত্রীর ছবি ও ভিডিও ধারণের অপেক্ষায় ছিলেন।

একটি গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন উপলক্ষে কলকাতায় গিয়েছিলেন সারা। অনুষ্ঠানের সঞ্চালক তাঁর মঞ্চে আসার ঘোষণা দিতেই দর্শকদের মধ্যে উৎসাহ দেখা যায়। মঞ্চে উঠে কলকাতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘কলকাতা, আমি তোমাকে ভালোবাসি!’

শহরটির সঙ্গে পারিবারিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। সারা জানান, কলকাতা তাঁর ঠাকুরমা শর্মিলা ঠাকুরের শহর। এ কারণে এখানে এসে তাঁর ব্যক্তিগত আবেগ কাজ করে। ঠাকুরমার ব্যক্তিত্বকে নিজের আদর্শ উল্লেখ করে তিনি বলেন, শর্মিলা ঠাকুর তাঁর কাছে সৌন্দর্যের প্রতীক এবং দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে আসছেন।

অনুষ্ঠানে নিজের নতুন সিনেমা ‘উড়তা তীর’ নিয়েও কথা বলেন সারা আলি খান। গত ২৩ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটিতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিটির প্রযোজক করণ জোহর।

সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে সারা বলেন, একজন অভিনেত্রী হিসেবে দর্শকদের সামনে নিয়মিত নতুন ধরনের চরিত্র নিয়ে হাজির হওয়াই তাঁর দায়িত্ব। ‘উড়তা তীর’-এ তাঁর অভিনীত চরিত্রটি আগের সিনেমাগুলোর চরিত্র থেকে একেবারেই আলাদা। এমন চরিত্রে এর আগে কখনো অভিনয় করেননি বলেও জানান তিনি।

নতুন সিনেমাটিকে ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। পাশাপাশি জানান, ছবিটি এখনো প্রেক্ষাগৃহে চলছে। যারা এখনো সিনেমাটি দেখেননি, তাঁদের হলে গিয়ে দেখার আহ্বান জানান তিনি।