tanaka

চ্যাটজিপিটির পরামর্শে মৃগীর ওষুধ বন্ধ, তরুণীর মৃত্যু: ওপেনএআই ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির দেওয়া পরামর্শ মেনে মৃগী রোগের ওষুধ ধীরে ধীরে কমিয়ে একপর্যায়ে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ...
প্রচ্ছদজাতীয়চ্যানেল আইয়ের পর্দায় আজ থেকে ‘স্পেলিং স্টার ২০২৬’

চ্যানেল আইয়ের পর্দায় আজ থেকে ‘স্পেলিং স্টার ২০২৬’

দেশজুড়ে কয়েক ধাপের বাছাইপর্ব শেষ করে এবার টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর মূল প্রতিযোগিতা। আজ শুক্রবার থেকে চ্যানেল আইয়ে প্রচারিত হবে এ আয়োজনের টেলিভিশন রাউন্ড। প্রতি শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি দেখা যাবে।

চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে নিবন্ধন করে প্রায় ২৬ হাজার ৫০০ শিক্ষার্থী। ৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে গত ২১ আগস্ট ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় প্রাথমিক বাছাই বা অডিশন রাউন্ড।

অডিশনের ফলাফলের ভিত্তিতে প্রতিটি কেন্দ্র থেকে মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। নির্বাচিতদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। পাশাপাশি প্রায় ৫০০ শিক্ষার্থী পরবর্তী বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়।

পরবর্তী ধাপে দেশের আটটি বিভাগে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইংরেজি শব্দের বানান, শব্দ শুনে শনাক্ত করার দক্ষতা, উপস্থিত বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাসসহ বিভিন্ন বিষয় যাচাই করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০০ জনকে নির্বাচন করা হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, টপ ১০০ নির্বাচনের ক্ষেত্রে দুই শ্রেণির জন্য আলাদা করে ৫০ জন করে নেওয়ার কোনো কোটা ছিল না। সামগ্রিক ফলাফল ও প্রতিযোগিতায় যোগ্যতার ভিত্তিতে দুই শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ১০০ জনকে বেছে নেওয়া হয়েছে।

এই ১০০ প্রতিযোগীকে নিয়ে চ্যানেল আইয়ের স্টুডিওতে শুরু হচ্ছে টেলিভিশন রাউন্ড। মোট ১৩টি পর্বে প্রতিযোগীরা বিভিন্ন ধাপ অতিক্রম করবে। ধারাবাহিক প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন জায়গা করে নেবে গ্র্যান্ড ফিনালেতে।

বিজয়ীদের জন্য থাকছে লাখ টাকার পুরস্কার

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী পাবেন ৩ লাখ টাকা, দ্বিতীয় স্থানাধিকারী ২ লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ১ লাখ টাকা। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী দুজনের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা। সেরা ১০ প্রতিযোগীর সবাইকে দেওয়া হবে একটি করে ল্যাপটপ।

প্রতিযোগিতাটির প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর। আয়োজকদের আশা, এ উদ্যোগ শিশুদের মধ্যে ইংরেজি ভাষা ও শুদ্ধ বানান শেখার আগ্রহ বাড়ানোর পাশাপাশি নিয়মিত অনুশীলনের অভ্যাস গড়ে তুলবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা ও আত্মবিশ্বাস প্রকাশের সুযোগ পাবে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, প্রায় ২৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে নির্বাচিত সেরা ১০০ জন এবার জাতীয় টেলিভিশনের মঞ্চে নিজেদের দক্ষতা ও মেধা তুলে ধরবে। এ প্রতিযোগিতার উদ্দেশ্য কেবল একজন বিজয়ী খুঁজে বের করা নয়; বরং শিশুদের ইংরেজি শেখার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস এবং ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা তৈরি করা।

তিনি আরও বলেন, দেশের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের একই জাতীয় মঞ্চে নিয়ে আসতে পারা ‘স্পেলিং স্টার’-এর অন্যতম বড় সাফল্য।

আজ শুক্রবার থেকে প্রতি শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’।

দেশের পরবর্তী স্পেলিং স্টার কে হবে, তা জানতে এখন দর্শকদের অপেক্ষা টেলিভিশনের পর্দায়।