সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের পরিবারের সদস্যরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়।
এর আগে গত ২৭ আগস্ট সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পেছানো হয়। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় হত্যা মামলা করেন।
মামলাটি প্রথমে শেরেবাংলানগর থানা পুলিশ তদন্ত করে। পরে তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। তবে দুই মাসেও হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। পরে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। বর্তমানে তারাই মামলাটির তদন্ত করছে।
নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ গত ২৬ এপ্রিল হাইকোর্ট তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন। তবে এখনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।



