সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আগের ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার।
আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি বর্ষণ এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতিভারি বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।
বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বজায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকতে পারে। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, গত কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে সেই বৃষ্টির তীব্রতা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। একই সঙ্গে বৃষ্টিপাতের বলয় লক্ষ্মীপুর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী অঞ্চলের দিকে সরে এসেছে। ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আগের তুলনায় কমেছে।



