tanaka
প্রচ্ছদখেলাফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনার মুখে এবার সংস্থাটির কার্যক্রম ও পরিচালনব্যবস্থায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি ফিফার বিভিন্ন প্রতিযোগিতা, বিশেষ করে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা হিসেবে এফএফই প্রস্তাব সামনে আসে। সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। পরে প্রস্তাবটি বাতিল করা হলেও ফুটবলে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য থেকে সরে আসছেন না বলে জানিয়েছেন ইনফান্তিনো।

ফিফা সভাপতি বলেন, সদস্য সংস্থাগুলোর উন্নয়ন ও সংহতি কার্যক্রমে সহায়তা বাড়াতে সংস্থার সম্পদ টেকসইভাবে বৃদ্ধির পথ খোঁজা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আমাদের উচ্চাকাঙ্ক্ষা বদলাচ্ছে না; বদলাচ্ছে বড় ধারণাগুলো—যেভাবে তৈরি, যাচাই ও চূড়ান্ত করা হয়, সেই প্রক্রিয়া।’

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব

ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে একটি স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো। ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সদস্য সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, স্বাধীন পর্যালোচনার মাধ্যমে সংস্থার কার্যক্রমে সম্ভাব্য উন্নয়নের বিষয়ে সুপারিশ নেওয়া হবে।

আগামী মাসে ফিফা কাউন্সিলের বৈঠকের আগে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করার উপায় নিয়েও পরামর্শ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। একই সঙ্গে ফিফা সভাপতির ভূমিকা, বড় কৌশলগত উদ্যোগে স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলোও পর্যালোচনা করা হবে।

সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ইনফান্তিনো চিঠিতে লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে আপনাদের উদ্দেশে লেখার আগে আমি সময় নিয়ে সবার কথা শুনেছি।’

কনফেডারেশন, সদস্য সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করেই এই পরামর্শপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

এফএফই প্রস্তাব নিয়ে ইনফান্তিনোর ব্যাখ্যা

এফএফই প্রস্তাবের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইনফান্তিনো বলেন, এতে ফুটবলসংক্রান্ত সিদ্ধান্তে ফিফার নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না।

তার ভাষ্য অনুযায়ী, ফিফার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই প্রস্তাবটি জনসমক্ষে চলে আসে। কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোর কাছে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের আগেই বিষয়টি প্রকাশ পাওয়ায় উদ্বেগ তৈরি হয় এবং এমন ধারণা সৃষ্টি হয় যে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। তবে ইনফান্তিনো বলেন, বাস্তবে এমন কিছু ঘটেনি।

ফিফা সভাপতি আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা ও ক্রীড়াসংক্রান্ত কর্তৃত্ব কখনো বিক্রির জন্য ছিল না। এখনো নয়, ভবিষ্যতেও হবে না।’