বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেলের মূল্য ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। এবার দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করা হলো।
বিপিসির অধীন তেল বিপণনকারী সরকারি চার প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল—নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
সরকারের নির্বাহী আদেশে সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়। পরে অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির হাতে দেয়। গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব দেয় বিপিসি। এরপর চারটি তেল বিপণন কোম্পানিও আলাদা প্রস্তাব জমা দেয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ২৯ জানুয়ারি এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।



