tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকফাইনালের আগে দুশ্চিন্তা, দাবানলের ধোঁয়ায় স্পেন-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে শঙ্কা

ফাইনালের আগে দুশ্চিন্তা, দাবানলের ধোঁয়ায় স্পেন-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে শঙ্কা

বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের বায়ুমান মারাত্মকভাবে অবনতি হয়েছে। এর জেরে নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া স্পেন-আর্জেন্টিনার ফাইনাল নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দক্ষিণমুখী বাতাসের প্রভাবে শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ধোঁয়ার ঘনত্ব বেড়ে যায়। অনেক স্থানে বায়ুমান সূচক (AQI) ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতির কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে অপ্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা নিউ জার্সির উন্মুক্ত মেডোল্যান্ডস স্টেডিয়ামে, যেখানে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। বর্তমানে ওই এলাকার বায়ুমান সংবেদনশীল ব্যক্তি, শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্তদের জন্য ঝুঁকিপূর্ণ বলে সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার ঘন ধোঁয়ার কারণে নিউইয়র্কের ম্যানহাটনের আকাশচুম্বী ভবনগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল না। যদিও শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে ডেট্রয়েট ও শিকাগোর বায়ুদূষণও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শহর দুটি বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ধোঁয়ার ঘনত্ব আরও বাড়তে পারে।

তবে ফাইনাল নিয়ে আপাতত বড় কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দেয়নি ফিফা। সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ম্যাচ আয়োজনের পথে তাৎক্ষণিক কোনো বাধা সৃষ্টি করছে না। তবুও আয়োজকরা আবহাওয়া ও বায়ুমানের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিষয়টি নিয়ে ফিফা ও মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ নিয়মিত সমন্বয় করছে। ফিফার সদর দপ্তরে এনডব্লিউএসের একজন বিশেষজ্ঞ দায়িত্ব পালন করছেন এবং তিনি পরিস্থিতির সর্বশেষ তথ্য সরবরাহ করছেন। পাশাপাশি দাবানলের ধোঁয়া ও ফাইনালের প্রস্তুতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে বৈঠক হওয়ার কথাও জানা গেছে।