ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা দুর্ঘটনায় জড়িত বাসটি আটকে আগুন ধরিয়ে দেন। পরে আরও কয়েকটি যানবাহনেও আগুন দেওয়া হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছেন ওসি মো. মিজানুর রহমান।



