রাজধানীর হাজারীবাগ এলাকায় প্রেমের সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানানোয় এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত সিয়াম ওরফে ইমন (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি, ঘটনার সময় পরিহিত রক্তাক্ত গেঞ্জি-প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য জানান।
পুলিশ জানায়, বিন্তি হাজারীবাগ থানাধীন রায়েরবাজার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের চরকঘাটা এলাকায় পাকা সড়কে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেনের অভিযোগের ভিত্তিতে হাজারীবাগ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ডিসি মাসুদ আলম জানান, মামলা দায়েরের পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিন্তি ও সিয়াম একই স্কুলে পড়াশোনা করতেন এবং তাদের মধ্যে সম্পর্ক ছিল। সম্প্রতি বিন্তি সেই সম্পর্ক চালিয়ে যেতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে সিয়াম এই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের দাবি।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে হাঁটছিলেন বিন্তি। আরেকটি ভিডিওতে দেখা যায়, রক্তমাখা ছুরি হাত দিয়ে মুছছেন ওই তরুণ। আশপাশের বাসিন্দারা জানান, হামলার পর রক্তাক্ত অবস্থায় পাশের একটি বাসার সামনে ঢলে পড়েন বিন্তি। স্থানীয় এক নারী গণমাধ্যমকে বলেন, তাকে জড়িয়ে ধরলে বিন্তি জানান—সিয়াম তাকে ছুরি দিয়ে আঘাত করেছে।
নিহতের পরিবার জানায়, তারা শরীয়তপুরের সখিপুর থানার কাছিকাটা এলাকার বাসিন্দা। ঢাকায় হাজারীবাগের হায়দার হোটেলের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। নিহতের মা অভিযোগ করেন, কয়েক বছর ধরে সিয়াম মোবাইলে তার মেয়েকে বিরক্ত করছিল। এ নিয়ে তাকে বকাঝকাও করা হয়েছিল। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।



