সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪ হাজার ১৬৬ জনকে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। বুধবার (১২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের জাতীয় দৈনিকগুলোতে শূন্য পদসমূহের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মোট ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদের বিপরীতে আবেদন প্রক্রিয়া এখনো চলছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বিধি সংশোধনের কারণে নিয়োগ বিজ্ঞপ্তি ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। আজ অফিসিয়ালি দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আর আগামীকাল জাতীয় পত্রিকাগুলোতে এটি ছাপা হবে।”



