গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা ঘিরে সারাদেশে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়ার পর থেকেই উত্তেজনা বাড়ছে।
বাড়তি নিরাপত্তা
রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, ডিবি, র্যাব ও বিজিবি সদস্য। ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট থেকে সেনাসদরে চিঠি পাঠানো হয়েছে।
রাজধানীর বনানী, ধানমণ্ডি, পল্টন, উত্তরা, বাড্ডাসহ কূটনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি চলছে। সন্দেহজনক যানবাহনে তল্লাশি, গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
সহিংসতার ঘটনা
গত কয়েকদিনে অন্তত ২০টির বেশি বাসে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেশ কিছু স্থানে অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১২টি যানবাহনে আগুন লাগানো হয়।
ময়মনসিংহে বাসে আগুনে ঘুমন্ত হেলপারের মৃত্যু হয়েছে। রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, মিরপুর, সায়েন্সল্যাব, বাড্ডা, বসুন্ধরা, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন স্থানে একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঢাকায় গত তিনদিনে নাশকতার অভিযোগে অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, টাকার বিনিময়ে বাইরে থেকে এনে কিছু তরুণকে ককটেল নিক্ষেপে ব্যবহার করা হচ্ছে।
প্রশাসনের অবস্থান
ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, “লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই। নাশকতার পেছনের মূল হোতাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচার চালানো ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
নিরাপত্তা শঙ্কায় রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বুধবার ও বৃহস্পতিবার সশরীরে ক্লাস স্থগিত করে অনলাইনে পাঠদান করছে। এসব বিশ্ববিদ্যালনের মধ্যে রয়েছে— ড্যাফোডিল, ইস্টওয়েস্ট, এআইইউবি, ইস্টার্ন, শান্ত-মারিয়াম ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়।
সারাদেশে নাশকতা
ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, খুলনা, ফরিদপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় বাস, ব্যাংক ও স্থাপনায় অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে দু’টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ফরিদপুরে পেট্রোল বোমা ও ককটেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রায় ঘোষণার দিনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ঢাকায় ডিএমপি’র ৫০ থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন বলছে, যেকোনো সহিংসতা রুখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।



