প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাত কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি, পদায়ন ও প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী, দুই কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে দেওয়া হয়েছে। আরেক কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
দুই ইউএনও হলেন এডিসি
ঢাকার নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে শরীয়তপুরের এডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
অন্যদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার ইউএনও সাগুফতা হককে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। তার ক্ষেত্রেও এর আগে মুন্সীগঞ্জের এডিসি হিসেবে বদলির আদেশ জারি হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(২) ধারা অনুযায়ী দিলরুবা ইসলাম ও সাগুফতা হককে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয়ে তিন কর্মকর্তা
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
চাঁদপুরের কচুয়া উপজেলার ইউএনও মাহমুদুল হাসান রাসেলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) করা হয়েছে।
একজনকে প্রত্যাহার, আরেকজনের আদেশ বাতিল
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে ঢাকার কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার আগের সিদ্ধান্ত বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২ আগস্ট জারি করা আগের প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।



