tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদরাজনীতিপ্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৮ মে) এক শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। পরে বার্তাটি প্রকাশ করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি বলেন, ঈদুল আজহা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির লাখো মুসলমান আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করেন।

মোদি আরও বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বার্তায় তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও উন্নয়নের যৌথ আকাঙ্ক্ষা ধারণ করে। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।

চিঠির শেষে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন নরেন্দ্র মোদি।