পাবনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বক্তব্যকে ‘মনগড়া ও অসত্য’ আখ্যা দিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস নেতাকর্মীদের ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, “রাজনীতি হোক মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের জায়গা।”
শিমুল বিশ্বাস বলেন, একজন প্রকৃত রাজনীতিবিদের প্রধান দায়িত্ব মানুষের প্রত্যাশা বোঝা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশলের চেয়ে মানুষের হৃদয় জয় করার রাজনীতিই অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছে বিনয়, সততা, প্রজ্ঞা, নৈতিকতা ও আদর্শ প্রত্যাশা করে। একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় তার দেশপ্রেম, সততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জনগণ চান রাজনীতিবিদরা সৎ জীবনযাপন করুন এবং সবসময় মানুষের পাশে থাকুন।
সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করে শিমুল বিশ্বাস বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য ও সমালোচনা থাকবে, তবে মিথ্যা তথ্য, অপপ্রচার কিংবা পরিকল্পিত প্রপাগান্ডা কখনোই সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। ইতিহাস প্রমাণ করে, শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হয় এবং বিভ্রান্তি পরাজিত হয়। তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে তা যাচাই করার আহ্বান জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন সংযম, ধৈর্য ও প্রজ্ঞার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। উসকানিমূলক বক্তব্য বা উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে প্রভাবিত না হয়ে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই উচিত। অপ্রয়োজনীয় বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা থাকবে উল্লেখ করে তিনি বলেন, একজন সচেতন রাজনৈতিক কর্মীকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে—কখন প্রতিবাদ করতে হবে এবং কখন বিষয়টি উপেক্ষা করাই শ্রেয়।
সবশেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে সবাই যেন বিচক্ষণতা ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখেন।



