বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রিজভী।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে সুবিধাজনক সময়ে দেশব্যাপী বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করবেন দলের নেতা হাবিব উন নবী খান সোহেল। অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেবেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও বিএনপিকে পরাস্ত করা যায়নি।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা ও গণতন্ত্রের আদর্শকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যায় এবং নিরক্ষর জনগোষ্ঠীকে অক্ষরজ্ঞান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এসব সাফল্য মেনে নিতে পারেনি বলেই জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মন্তব্য করেন রিজভী।
তিনি আরও বলেন, এরশাদ সরকারের আমল থেকে দীর্ঘ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।



