tanaka
প্রচ্ছদসারাদেশপ্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু ‘মা, আমি যাব, আর আসব’—ফিরলেন না অক্ষর

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু ‘মা, আমি যাব, আর আসব’—ফিরলেন না অক্ষর

‘মা, আমি যাব, আর আসব’—ছেলের বলা শেষ কথাগুলোই এখন বারবার মনে পড়ছে খুলনার শুক্লা রায়ের। কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে প্রাণ হারিয়েছেন তার একমাত্র ছেলে অক্ষর সৌভিক রায়। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। অফিসের সহকর্মীদের সঙ্গে বেড়াতে গিয়ে আনন্দভ্রমণ মুহূর্তেই পরিণত হয় শোকের ঘটনায়।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কের সামনে যশোর রোডের ‘দোলন’ ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের চাপা কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ছেলের মৃত্যুর খবর পুরোপুরি জানানো না হলেও বারবার অচেতন হয়ে পড়ছিলেন মা শুক্লা রায়। জ্ঞান ফিরলেই তিনি বলছিলেন, ‘আমার অক্ষর কোথায়?’

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার অক্ষর তার মাকে ফোন করে বলেছিলেন, ‘মা, আমি একটু সমুদ্রে যাব।’ মা যেতে নিষেধ করলে তিনি বলেছিলেন, ‘না, আমি যাব। আমার কিছু হবে না। আমি যাব আর আসব।’ এটাই ছিল মায়ের সঙ্গে তার শেষ কথোপকথন।

করোনাকালে বাবা শেখর রায়কে হারানোর পর পরিবারের দায়িত্ব অনেকটাই এসে পড়ে অক্ষরের কাঁধে। মা ও ছোট বোন শীর্ষা রায়কে নিয়ে ছিল তাদের সংসার। ছোট বোন পড়াশোনার পাশাপাশি টিউশনি করেন। আর অক্ষর ঢাকায় একটি ভিসা এজেন্সিতে চাকরি করে পরিবারের হাল ধরেছিলেন। তার মৃত্যুতে পরিবারটি এখন গভীর অনিশ্চয়তা ও শোকে ভেঙে পড়েছে।

অক্ষরের এক মাসি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। কলেজ থেকে বাসায় ফিরে ছোট বোন শীর্ষা বিষয়টি জানালে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে দ্রুত খুলনার বাসায় ছুটে আসেন। পরে কক্সবাজার থেকে পাঠানো ভিডিও দেখে অক্ষরের মরদেহ শনাক্ত করা হয়।

অক্ষরের ছোটবেলার একটি ছবির কথা স্মরণ করে ওই স্বজন বলেন, ‘তিন বছর বয়সে তাকে স্টুডিওতে নিয়ে গিয়ে নিজের হাতে সাজিয়ে, চোখে কাজল দিয়ে ছবিটি তুলেছিলাম। তখন কে জানত, একদিন এই ছবিটাই স্মৃতি হয়ে থাকবে!’

পরিবারের সদস্যরা জানান, অক্ষরের পড়াশোনা শুরু হয় খুলনার জোহরা খাতুন বিদ্যানিকেতনে। পরে খুলনা জিলা স্কুল ও ঢাকার নটর ডেম কলেজে পড়াশোনা করেন তিনি। উচ্চশিক্ষার জন্য ভারতের গুজরাটে গিয়ে প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করেন। দেশে ফিরে ঢাকার একটি ভিসা এজেন্সিতে চাকরি নেন। সহকর্মীদের সঙ্গে কক্সবাজারের সেই ভ্রমণই হয়ে ওঠে তার জীবনের শেষ সফর।

অক্ষরের প্রতিবেশী শেখর সাহানি মনি বলেন, ‘ছোটবেলা থেকেই অক্ষরকে দেখেছি। স্কুলে আনা-নেওয়া করেছি, পরিবারের বিভিন্ন প্রয়োজনে পাশে থেকেছি। এমন মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন।’

তিনি আরও বলেন, অক্ষরদের আদি বাড়ি মাগুরায়। ফেরিঘাট এলাকার সেই বাড়ি ব্যাংকের কাছে মর্টগেজ হয়ে যাওয়ার পর পরিবারটি খুলনায় ভাড়া বাসায় বসবাস শুরু করে।

অক্ষরের মৃত্যুর ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘এভাবে কীভাবে পড়ে গেল, বুঝতে পারছি না। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত।’

পারিবারিক সূত্রে জানা গেছে, অক্ষরের বড় চাচা শংকর রায়সহ কয়েকজন স্বজন রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। এদিকে খুলনার বাসায় থাকা স্বজনরা শেষ মুহূর্ত পর্যন্ত অক্ষরের মায়ের কাছ থেকে ছেলের মৃত্যুর খবর গোপন রাখার চেষ্টা করছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের পথে রয়েছেন। রোববার (২ আগস্ট) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

খুলনার ছোট্ট ভাড়া বাসাটিতে এখনো ছেলের ফেরার অপেক্ষায় এক মা। দরজায় কড়া নাড়লেই হয়তো অক্ষর ফিরে এসে বলবে, ‘মা, আমি এসে গেছি।’ কিন্তু সেই অপেক্ষার শেষ নেই। রাত গভীর হলেও মায়ের কণ্ঠে বারবার ফিরে আসছে একটাই প্রশ্ন—‘আমার অক্ষর কোথায়?’