tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ডাকযোগে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৯২ হাজার ৩৮৫ জন প্রবাসী। তাঁদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৫৪৪ জন এবং নারী ১৪ হাজার ৮৪১ জন। রোববার (৩০ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ পদ্ধতিতে প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ অন্তত ৪০টির বেশি দেশে নিবন্ধন চলছে। এসব দেশ থেকে শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৮৬ হাজার ১৩২ জন প্রবাসী।

ইসি জানায়, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটপ্রাপ্তি শেষে ভোট দিয়ে নির্ধারিত খামে তা পুনরায় রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।