উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’কে কেন্দ্র করে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারত। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বাড়ায় বাতিল করা হয়েছে বহু ফ্লাইট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে— ঘূর্ণিঝড়টি রোববার উত্তর তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ দিয়ে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে।
তামিলনাডুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এস. এস. আর. রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কি না— তা এখনও নিশ্চিত নয়। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। সতর্কতার অংশ হিসেবে চেন্নাই বিমানবন্দর ইতোমধ্যে ৫৪টি ফ্লাইট বাতিল করেছে।
আইএমডির মহাপরিচালক ড. মৃগুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাডু ও পুদুচেরি উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ায় তা ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি এসব উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে, তবে এর প্রভাবে সন্ধ্যা পর্যন্ত বিরূপ আবহাওয়া বজায় থাকতে পারে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, তবু কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। গত ২৪ ঘণ্টায় তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হওয়ায় এসব এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে। কেরালাতেও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
স্থানীয়দের প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে অনুরোধ জানিয়ে আইএমডি প্রধান বলেন, অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি রয়েছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে।
তিনি আরও জানান, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার এবং তামিলনাডু–পুদুচেরি উপকূলে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত হতে পারে। এ অবস্থায় প্রশাসন ও উপকূলীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



