একটি রাজনৈতিক সমাবেশে সাবেক এক সংসদ সদস্যের পুলিশকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার ইঙ্গিতপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সোমবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়, ওই সাবেক সংসদ সদস্যের বক্তব্য— “প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে, আমাদের কথায় গ্রেফতার-মামলা করতে হবে, পুলিশ পিছনে পিছনে হাঁটবে”— গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক মন্তব্যের শামিল।
প্রতিবাদ লিপিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশ সংবিধান ও আইনের ভিত্তিতে পরিচালিত হয়। গত ১৭ বছরে কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তার কারণে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই জনআকাঙ্ক্ষার পুলিশ হিসেবে কাজ করছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বলেও বিবৃতিতে জানানো হয়। রাজনৈতিক স্বার্থসিদ্ধির ‘দলদাস’ হওয়ার সময় শেষ— এখন পুলিশ সংবিধান, বিধিবদ্ধ আইন ও জনকল্যাণের নীতিতে দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজনৈতিক নেতাদের এমন উচ্চাভিলাষী ও পুলিশকে হেয় প্রতিপন্নকারী মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।



