tanaka
প্রচ্ছদরাজনীতিপাচার হওয়া অর্থ ফেরত আনা হবে: প্রধানমন্ত্রী

পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন, এই অর্থ দেশে ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১.৮ লাখ কোটি টাকা) অবৈধভাবে দেশ থেকে বাইরে গেছে। পাচারের মূল গন্তব্য হিসেবে প্রাথমিকভাবে ১০টি দেশ চিহ্নিত করা হয়েছে: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং-চীন।

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ‘পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি’ (এমএলএটি) স্বাক্ষরের বিষয় নিশ্চিত হয়েছে। বাকি ৭টির সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ইতোমধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় অর্থ পুনরুদ্ধারের আইনি প্রক্রিয়া শুরু করেছে। মামলাগুলোতে দুদক, পুলিশের সিআইডি, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল (জেআইটি) কাজ করছে।

তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশে দেশে মোট ৫৭ হাজার ১৬৮ কোটি ৯ লাখ টাকার এবং বিদেশে ১৩ হাজার ২৭৮ কোটি ১৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে দেশ-বিদেশে প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ সংযুক্ত ও অবরুদ্ধ করা হয়েছে।