রাষ্ট্র, তোমার কাছে জানতে চাই— একটি মানুষের দাম কত? এক বস্তা চালের সমান, নাকি একটি ভোটের চেয়েও কম?
যে বাবা সারাদিন পাথর ভাঙে, রাতে সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের ক্ষুধাকে মিথ্যা বলে— তার জন্য তোমার কোনো বাজেট আছে?
সন্তানের মুখে একমুঠো ভাত তুলে দিতে যে মা প্রতিদিন নিজের ক্ষুধাকে নীরবে গলা টিপে হত্যা করে, রাষ্ট্র, সেই মায়ের কান্না কখনো কি পৌঁছায় তোমার কানে?
এ দেশে এখন অভাবও যেন অপরাধ। গরিব হলে মাথা নিচু রাখতে হয়, ঋণী হলে মুখ লুকাতে হয়, আর প্রতিবাদ করলে জোটে অসহিষ্ণুতার অপবাদ।
অথচ যারা মানুষের ঘাম চুরি করে, তারাই সমাজের সম্মানিত মানুষ। যারা মানুষের অধিকার গিলে খায়, তাদের টেবিলেই সাজানো থাকে নীতির দীর্ঘ বক্তৃতা।
কী নির্মম এই সময়! এখানে সততা দিয়ে সংসার চলে না, যোগ্যতা দিয়ে চাকরি মেলে না, ন্যায্যতা দিয়ে বিচার পাওয়া যায় না। শুধু টাকার কাছে মানুষের সমস্ত পরিচয় বন্ধক পড়ে থাকে।
একজন ক্ষুধার্ত মানুষ খাবার চায়, একজন বেকার মানুষ কাজ চায়, একজন অসহায় মানুষ বিচার চায়। কেউ সিংহাসন চায় না, কেউ রাজমুকুট চায় না। তবু তাদের ভাগ্যে জোটে না একটু নিশ্চিন্ত ঘুম।
রাষ্ট্র, তুমি কি জানো— ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস কোনো শব্দ ছাড়াই বিস্ফোরিত হয়? অভাবেরও একটা সীমা আছে, অপমানেরও একটা শেষ আছে। নীরবতারও একদিন মৃত্যু হয়।
আমি আর স্বপ্নের কথা বলি না, স্বপ্ন এখন বিত্তবানদের বিলাসিতা। গরিবের কাছে আগামীকাল মানে আরেকটি দিনের খাবার জোগাড়, আরেকটি রাত বেঁচে থাকার লড়াই।
একদিন এই সময়ের বিচার হবে— কোনো আদালতে নয়, কোনো ক্ষমতাবানের সামনে নয়, মানুষের বিবেকের কাঠগড়ায়।
সেদিন প্রশ্ন উঠবে— কারা মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল? কারা কান্নাকে ব্যবসা বানিয়েছিল? কারা ক্ষুধার্ত মানুষের সামনে উন্নয়নের আলোকসজ্জা সাজিয়েছিল?
মনে রেখো, রাষ্ট্র— ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস ইতিহাস কখনো ভুলে যায় না। একটি দেশ মানচিত্রে বেঁচে থাকতে পারে, পতাকাও উড়তে পারে আকাশের বুকে, কিন্তু মানুষের চোখের জল যে রাষ্ট্র মুছতে পারে না, সেই রাষ্ট্রের শরীর বেঁচে থাকলেও তার আত্মা বেঁচে থাকে না।
রাষ্ট্র, শেষবারের মতো জানতে চাই— তুমি আসলে কার? মানুষের, নাকি মানুষের ঘাম ও অশ্রুতে গড়ে ওঠা ক্ষমতাবানদের?



