tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে তেল ও গ্যাসের বড় মজুদ আবিষ্কার

পাকিস্তানে তেল ও গ্যাসের বড় মজুদ আবিষ্কার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন তেল ও গ্যাসের উল্লেখযোগ্য মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন কোম্পানি ওজিডিসিএল (OGDCL)। কোম্পানির মতে, নতুন এসব খনি দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর প্রকাশ করেছে গালফ নিউজ।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নোটিশে ওজিডিসিএল জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবস্থিত তাদের অনুসন্ধানী কূপ ‘বারাগজাই এক্স-০১’ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮১ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে।

ওজিডিসিএল জানিয়েছে, ইতোমধ্যে এই এলাকায় আরও দুটি কূপ থেকে তেল ও গ্যাস উত্তোলন করা হচ্ছে। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘এই নতুন আবিষ্কার দেশীয় সম্পদের মাধ্যমে জ্বালানি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে সহায়তা করবে এবং দেশের হাইড্রোকার্বন রিজার্ভ বেসকে আরও শক্তিশালী করবে।’ নতুন মজুদ যুক্ত হওয়ার পর বারাগজাই খনি এলাকা থেকে প্রতিদিন আনুমানিক ৯ হাজার ৪৮০ ব্যারেল তেল উত্তোলন করা হচ্ছে, যা পাকিস্তানের মোট অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।

বর্তমানে পাকিস্তানে দৈনিক গড়ে প্রায় ৬৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হচ্ছে।

উল্লেখ্য, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বাড়ানো এবং ব্যয়বহুল আমদানির ওপর নির্ভরতা কমাতে পাকিস্তান সরকার জোরালো উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছর সরকার তিনটি অফশোর ও দুটি অনশোর খনির জন্য স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে মোট পাঁচটি তেল ও গ্যাস অনুসন্ধান চুক্তি স্বাক্ষর করে।