tanaka
প্রচ্ছদজাতীয়পাঁচ বছরে এক কোটি কর্মীকে বিদেশে পাঠাতে চায় সরকার

পাঁচ বছরে এক কোটি কর্মীকে বিদেশে পাঠাতে চায় সরকার

আগামী পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পরে কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সরকার সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। একই সঙ্গে প্রবাসীদের জন্যও বিনা জামানতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, দেশের বাইরে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষার মাধ্যমে শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও নিরাপদ করতে সাইবার আইন খুব শিগগির সংশোধন করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এরই মধ্যে মানবাধিকার আইন ও গুম আইন জাতীয় সংসদে পাস হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

পরে ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিএম কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।