বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, জনগণের উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে হবে।
সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
মন্ত্রী বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সফল করাই এ সমন্বয় সভার অন্যতম উদ্দেশ্য। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা যদি আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারি, তাহলে জনগণ তাদের প্রাপ্য সেবা ও অধিকার পাবে। একই সঙ্গে সরকারের প্রতি জনগণের যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, তারও প্রতিফলন ঘটবে। কিন্তু আমরা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তাহলে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।’
মন্ত্রী আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। জনগণের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের প্রশাসক, বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



