বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।
সংগঠনটি জানায়, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলার দাবিতে তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসছিল। এসময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতা, দমনপীড়ন ও দুর্নীতির অভিযোগও তুলে ধরে তারা।
গত দুই বছরে আন্দোলনের কারণে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা, চাকরিচ্যুতি, বরখাস্ত ও বদলির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। সম্প্রতি ৩৩ হাজার কর্মকর্তা-কর্মচারী গণছুটি কর্মসূচিতে যোগ দিলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়নি।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, বিদ্যুৎ উপদেষ্টা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং দমনপীড়ন বন্ধে আশ্বাস দিয়েছেন। দেশের সামগ্রিক পরিস্থিতি ও জনদুর্ভোগ বিবেচনায় সেই আশ্বাসের ভিত্তিতেই গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগদানের আহ্বান জানানো হয়েছে।



