tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনউপাচার্যের আশ্বাসে চবির ৯ শিক্ষার্থীর অনশন ভাঙা

উপাচার্যের আশ্বাসে চবির ৯ শিক্ষার্থীর অনশন ভাঙা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নয় শিক্ষার্থী উপাচার্যের আশ্বাসে টানা ৫২ ঘণ্টা পর আমরণ অনশন ভেঙেছেন। প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে তারা এই অনশন শুরু করেছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৭ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আকতার ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের উপস্থিতিতে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। এ সময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন। জুস পান করে তারা অনশন শেষ করেন।

শিক্ষার্থীরা জানান, বুধবার থেকে টানা অনশন করায় তাদের মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় মেডিকেল অফিসার ডা. আবুল কাসেম বলেন, “দীর্ঘ ৫২ ঘণ্টা খাবার না খাওয়ায় শরীরে লবণ ও শর্করার ঘাটতি তৈরি হয়েছে। রক্তচাপও অনেক কমে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত। সাতজন শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, “উপাচার্যের আশ্বাসে আপাতত অনশন কর্মসূচি স্থগিত করেছি। আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট সমাধানের প্রত্যাশা করছি। দাবি পূরণে নিশ্চয়তা না পেলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আকতার বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, সেটিই আমাদের কাম্য।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, গত ৩০ ও ৩১ আগস্ট চবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে চার শতাধিক শিক্ষার্থী আহত হন। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে নয় শিক্ষার্থী বুধবার দুপুর ১টা থেকে আমরণ অনশনে বসেন।