রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।
রোববার সন্ধ্যায় জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিজ্ঞপ্তিতে বন্ধের কারণ হিসেবে অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ কার্যক্রম বন্ধ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



