জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব। তিনি স্পষ্ট করে জানান, তিনি এনসিপিতে আছেন এবং সরকার গঠন পর্যন্ত পার্টির সঙ্গেই থাকবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি শুধুই গুজব। আমি দলেই আছি এবং থাকব।”
গুজব ছড়ানোর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল তথ্য ছড়িয়ে দেন। যেসব জায়গায় দুর্নীতি চলছে সেগুলো নিয়ে কাজ করার বদলে ব্যক্তিকে নিয়ে গুজব ছড়ানো হয়।”
তিনি আরও বলেন, “একটা ব্যবসায়ী গোষ্ঠী আছে যাদের নিজস্ব পত্রিকা ও টেলিভিশন রয়েছে। সেখানে অনেক সময় সুস্থ সাংবাদিকতাও বাধাগ্রস্ত হয়।”
বাংলাদেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনীতিসহ গণমাধ্যমেও দায়িত্বশীল আচরণ প্রয়োজন।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তার পদত্যাগপত্র জমা দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এনসিপির পক্ষ থেকে তা গুজব বলে জানানো হয়।



