ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এগিয়ে যেতে চায় সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, স্বচ্ছতার নীতিই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর প্রধান উপায়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে যেমন আইনজীবীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় নিতে হয়, তেমনি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিচার বিভাগের সামগ্রিক কার্যক্রমের ভালো-মন্দ দেখাও সরকারের নৈতিক দায়িত্ব।
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি জানান, প্রধানমন্ত্রী বিচার বিভাগকে স্বাধীনভাবে ও নিজস্ব গতিতে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, বিচারকরাও স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন।
মো. আসাদুজ্জামান বলেন, যে প্রতিষ্ঠানে আমরা কাজ করি, সেই প্রতিষ্ঠানকে যদি যথাযথ সম্মান ও ভালোবাসা না দিই, তবে তা একসময় দুর্বল হয়ে পড়ে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমান বক্তব্য দেন।
ইফতার শেষে আইনমন্ত্রী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।



