টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। নির্ধারিত সময়ে অনেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমনকি কয়েকজন পরীক্ষার্থীকে নৌকায় করে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।
সোমবার (১৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লা মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সামিয়া আলম বলেন, “দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগ চলছে। এ পরিস্থিতিতে বোর্ড পরীক্ষা অন্তত স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্রে এসেছি। রাস্তা থেকে পরীক্ষা ভবনে যেতে পারছিলাম না। কয়েকজনের সহযোগিতায় নৌকায় করে কেন্দ্রে ঢুকেছি। হলের ভেতরেও অধিকাংশ পরীক্ষার্থীর জামাকাপড় ভেজা ছিল।”
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার জানান, এই কেন্দ্রে আটটি কলেজের প্রায় ২ হাজার ১০০ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। মাঠে পানি জমলেও পরীক্ষার কক্ষের ভেতরে পানি প্রবেশ করেনি। যেসব পরীক্ষার্থী জলাবদ্ধতার কারণে কিছুটা দেরিতে কেন্দ্রে পৌঁছেছে, তাদের অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ছয় জেলায় ভারী বৃষ্টির কারণে কয়েকটি কেন্দ্রের সামনের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো কেন্দ্রের কক্ষে পানি ঢোকেনি। বিলম্বে কেন্দ্রে পৌঁছানো পরীক্ষার্থীদের বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রসংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়বে না।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অতি ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে পানি জমেছে। ভোর থেকেই সিটি করপোরেশনের কর্মীরা পানি অপসারণে কাজ করছেন। তিনি নিজেও বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং যেখানে পানি নিষ্কাশনে বাধা তৈরি হচ্ছে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনভর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।



