নেপালে চলমান ছাত্র আন্দোলনের কারণে মঙ্গলবার দুপুর থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাঠমান্ডুতে অবতরণ করতে পারেনি। আকাশে কিছুক্ষণ চক্কর দেওয়ার পর ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।
এদিকে নেপাল থেকে বিমানে ঢাকায় ফেরার কথা ছিল যাত্রীদেরও পড়তে হয়েছে ভোগান্তিতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু-ঢাকা ফ্লাইটের ৯৪ জন যাত্রী দেশটিতে আটকে গেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ১১৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিজি-৩৭১ ফ্লাইট রওনা হয়। তবে অবতরণের অনুমতি না পাওয়ায় তা ঢাকায় ফিরে আসে। অন্যদিকে বিজি-৩৭২ ফ্লাইটের যাত্রীরাও কাঠমান্ডুতে অবস্থান করছেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবির জানান, আটকে পড়া ৯৪ যাত্রীকে হোটেলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে। একইভাবে ঢাকা থেকে যারা কাঠমান্ডু যেতে পারেননি, তাদেরও হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।



