ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) এক ফান্ডরেইজিং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমলা হ্যারিস বলেন, “ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন—আর এতে তাকে জড়িয়েছেন নেতানিয়াহু। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটি এমন যুদ্ধ, যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এই যুদ্ধ আমেরিকান সেনাদের ঝুঁকির মুখে ফেলছে।”
এ বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।
পোস্টে ট্রাম্প ইসরায়েলের প্রশংসা করে বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে বিজয় অর্জন করতে হয়। তিনি লেখেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত নির্ভরযোগ্য মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে—তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত ও কৌশলী।
তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধের এই কঠিন সময়ে যখন অনেকেই পিছিয়ে যায়, তখন ইসরায়েল উল্টো সর্বশক্তি দিয়ে লড়াই করে এবং জয় অর্জনের কৌশল জানে।
সূত্র: বিবিসি



