সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রেয়া কালরা বিজয়ীর মুকুট মাথায় দিয়ে শেষ করেছেন নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ সিজন ২’-এর যাত্রা। কাঙ্ক্ষিত শিরোপার পাশাপাশি তিনি জিতে নিয়েছেন ১ কোটি রুপির নগদ পুরস্কার।
নিজের অবস্থানে অটল থেকে নানা বিতর্ক, প্রতিদ্বন্দ্বিতা ও কঠিন পরিস্থিতির মোকাবিলা করে তিনি হয়ে উঠেছিলেন শোয়ের অন্যতম আলোচিত প্রতিযোগী। সাহসী সিদ্ধান্ত, কৌশলী গেমপ্লে এবং আত্মবিশ্বাসী আচরণের মাধ্যমে শেষ পর্যন্ত নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন শ্রেয়া।
কে এই শ্রেয়া কালরা?
শ্রেয়া কালরা একজন ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী, মডেল ও রিয়েলিটি টিভি তারকা।
১৯৯৭ সালের ১৪ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। এমবিএ ডিগ্রিধারী শ্রেয়া প্রথম পরিচিতি পান টিকটকের নাচ ও লিপ-সিঙ্ক ভিডিওর মাধ্যমে। পরে টিকটক নিষিদ্ধ হওয়ার পর ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।
ক্যারিয়ার
ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ২০২০ সালে ‘এমটিভি রোডিজ রেভোলিউশন’-এ ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে টেলিভিশনে পরিচিতি পান শ্রেয়া। এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি।
মুনাওয়ার ফারুকির সঙ্গে ‘দ্য সোসাইটি সিজন ২’ নামের ডিজিটাল শো উপস্থাপনা, নিজের পডকাস্ট ‘ডোন্ট স্পিল টু মাচ’ পরিচালনা এবং ওটিটির কয়েকটি মিনি সিরিজেও কাজ করেছেন তিনি।
‘লক আপ সিজন ২’-এ শ্রেয়ার সাফল্য
‘লক আপ সিজন ২’-এ শ্রেয়ার যাত্রা ছিল কৌশলী পরিকল্পনা, সাহসী সিদ্ধান্ত এবং মানসিক দৃঢ়তায় ভরপুর। প্রতিযোগীদের আক্রমণ ও নানা বিতর্কের মধ্যেও তিনি নিজের কৌশল থেকে সরে যাননি।
শো চলাকালে শিবাঙ্গী জোশী, আকাঙ্ক্ষা চৌধুরী, যোগেশ রাওয়াত, হর্ষদ চোপড়া ও শিল্পা শেঠির মতো প্রতিযোগীদের সঙ্গে তার একাধিকবার তর্ক-বিতর্ক হয়। বিশেষ করে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত বিষয় প্রকাশকে কেন্দ্র করে তিনি সমালোচনার মুখে পড়েন। তবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের অবস্থান ধরে রাখেন শ্রেয়া।
তার সাহসী গেমপ্লে ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে অনেক দর্শক পুরো মৌসুমটিকে মজা করে ‘দ্য শ্রেয়া কালরা শো’ বলেও অভিহিত করেছেন।
সূত্র: উইওন অবলম্বনে



