মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় ঘিরে কোনো অস্থিরতা সৃষ্টি হলে তা মোকাবিলার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের দায়িত্ব নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। এ ধরনের সংস্কৃতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।
রায় ঘোষণার দিনে বিশৃঙ্খলা হলে করণীয় কী—এ প্রশ্নে তিনি বলেন, “বিশৃঙ্খলা ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট বাহিনী আছে। রায় দেবে আদালত; বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। আমরা সবসময়ই নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছি। আশা করি, এখন একটি নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে দেশ রাজনৈতিক ট্রানজিশন, নির্বাচন ও গণতন্ত্রায়নের দিকে এগোচ্ছে—এখন আমাদের মূল মনোযোগ সেখানে।”



