একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল স্বাধীনতাবিরোধী শক্তির সুপরিকল্পিত নীল নকশার অংশ—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জন্য অত্যন্ত বেদনাবিধুর। স্বাধীনতা অর্জনের ঠিক আগমুহূর্তে একটি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, সেদিন পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে বাঙালি সন্তানরাই বাড়ি বাড়ি গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায়। ইতিহাস স্পষ্টভাবে প্রমাণ করে, স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক শক্তিরাই এই ঘৃণ্য ষড়যন্ত্রে জড়িত ছিল।
তিনি আরও বলেন, এ ধরনের চক্রান্ত বারবার এই জাতির ওপর আঘাত এনেছে, যাতে মানুষ জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষায় এগিয়ে যেতে না পারে। দুর্ভাগ্যজনকভাবে গত ১৫–১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলেও ভিন্ন রূপে একই প্রবণতা দেখা গেছে। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা দুর্বল হয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে—জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে থাকেনি।
নির্বাচনী প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই হাদির (শরীফ ওসমান বিন হাদি) ওপর হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে, যা নতুন করে ভয়ভীতি সৃষ্টির অপচেষ্টা। তিনি বলেন, চারদিকে ষড়যন্ত্র চললেও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। গণতন্ত্রে বিশ্বাসী একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
সভায় বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।



