আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। অতীতে নির্বাচনের দিনই ফল প্রকাশ করা হলেও, এবার তা নিয়ে নানা গুঞ্জন ও শঙ্কা দেখা দিয়েছে। তবে এসব গুঞ্জন নাকচ করে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের পরদিন শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন ঘিরে যে শঙ্কাগুলো ছিল, সেগুলো সবার সহযোগিতায় ইতোমধ্যে কাটিয়ে ওঠা গেছে। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্ব হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। আধুনিক অটোমেশন ব্যবস্থা ও একাধিক ডিভাইস ব্যবহারের ফলে দ্রুত ফল সংগ্রহ করা সম্ভব হবে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রে যোগাযোগজনিত কারণে সামান্য বিলম্ব হতে পারে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে সমন্বিতভাবে নির্বাচন পরিচালিত হবে।
নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থার বিষয়ে তিনি জানান, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম কাজ করবে। প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য পাঠানো হবে কেন্দ্রীয় মনিটরিং সেলে। বিদ্যুৎ সংযোগ থাকা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ সক্রিয় থাকবে বলেও জানান নির্বাচন কমিশনার।



