নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতির দিকে যাচ্ছে।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি ভূমিকম্প–সংক্রান্ত প্রস্তুতি নিয়েও বক্তব্য দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে এখনো ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং সিস্টেম নেই। কিছু দেশে এমন অ্যাপ রয়েছে, যা ভূমিকম্প হওয়ার প্রায় ১০ সেকেন্ড আগে সতর্কবার্তা দিতে পারে। বাংলাদেশেও এ ধরনের অ্যাপ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, সবারই বিল্ডিং কোড মেনে চলা জরুরি; তা না হলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, খোলা জায়গার অভাব দেখা দিচ্ছে—এসব বিষয়ে রাজউককে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।



